মায়ের গলা কাটা, মেয়ের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

0

ভোলার দৌলতখান উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে গলা কেটে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন দিয়ে শিশুকন্যাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মো. বেলাল হোসেন (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলায় এই ঘটনা ঘটে।
উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার দুদু পাটোয়ারির বাড়ি থেকে শনিবার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান জেলার পুলিশ সুপার মোস্তার হোসেন। নিহত ব্যক্তিরা হলো শাহানাজ বেগম (২২) ও তাঁর নয় মাস বয়সী কন্যা মোহনা।

তিনি বলেন, নিহত নারী বিল্লাল হোসেনের স্ত্রী। তার লাশ গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। আর তার ৯ মাসের মেয়ের লাশ পাওয়া গেছে অগ্নিদগ্ধ অবস্থায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, বেলাল পেশায় ট্রাকচালক। তিনি তিনটি বিয়ে করেছেন। শাহানাজ তাঁর দ্বিতীয় স্ত্রী। গতকাল স্ত্রী, কন্যা ও ছয় বছর বয়সী ছেলে মেহেদিকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল। দিবাগত রাত তিনটার দিকে তিনি মেহেদিকে ঘর থেকে বের তার দাদির ঘরে দিয়ে আসেন। পরে স্ত্রী শাহানাজের গলা কেটে হত্যা করার পর ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ওই শিশুকন্যা মোহনাও মারা যায়। ঘরে আগুন দেওয়ার পর অসুস্থতার অজুহাতে বেলাল ভোররাতে ভোলা সরকারি হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে পুলিশ শাহানাজের গলাকাটা ও মোহনার গলিত লাশ উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বেলালকে আটক করা হয়েছে।

ওসি মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে মেহেদি ও তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.