জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে আজ ০৩মে রোজ শনিবার বহদ্দার হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে কামাল স্টোরকে পণ্যের মূল্য, পরিমাণ, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য ইত্যাদি তথ্য উল্লেখ না করে চা মোড়কজাত করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে আরো সাতটি (০৭) প্রতিষ্ঠানকে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের অপর একটি টিম চাকতাই এর জিলানী স্টোরকে মেয়াদ উত্তীর্ণ ঘি রাখার অপরাধে ত্রিশ হাজার টাকা এবং কাজীর দেউরি বাজারের নাসির এন্ড ব্রাদার্সকে তালিকায় ৮৪ টাকা লিখে ৯০ টাকায় ছোলা বিক্রির অপরাধে দশ হাজার টাকা জরিমানা করে। মূল্য তালিকা না থাকায় আরো চারটি প্রতিষ্ঠানকে দশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মোরাদ আলী ও রঞ্জন চন্দ্র দে এ টিমের নেতৃত্ব প্রদান করেন।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে কর্ণেল হাট বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে।
এ সময়ে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা প্রদান করে।