ভোটারদের অংশগ্রহণে চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) উপ নির্বাচনে সকাল ৮টা থেকে ১৯০টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ।
সকাল ৮টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণ শুরু হয়। প্রায় কেন্দ্রে ভোটাররা এসে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন।
এই আসনের আজকের উপ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নোমান আল মাহমুদসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য প্রার্থীরা হলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি), এনপিপির কামাল পাশা (আম), স্বতস্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা)।
নগরীর অংশ ও বোয়ালখালী উপজেলার ১৯০টি কেন্দ্রের ১৪১৪টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ১৯০টি ভোটকেন্দ্রে ১৯০ জন প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ৪১৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৪ হাজার ৪৩২জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর ২ হাজার ৮২৮ জন দায়িত্বে রয়েছেন। এছাড়াও ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্বে রয়েছেন।
চট্টগ্রাম-৮ আসনের আজকের ভোট গ্রহণে ১৯০টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন-২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ১৭জন পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছেন। আর সাধারণ প্রতিটি কেন্দ্রে ১৬জন পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১৯টি মোবাইল টিম এবং র্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
ভোট কেন্দ্র ও ইভিএমের সংখ্যা: চট্টগ্রাম-৮ আসনে মোট ১৯০টি ভোট কেন্দ্রের ১৪১৪টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে।
গতকাল প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমসহ ভোট গ্রহণ কর্মকর্তারা অবস্থান নিয়েছেন এবং আজকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের জন্য ২১২১টি ইভিএম ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কাজে ব্যবহৃত হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী পৌরসভা ও উপজেলার কধুরখীল, পশ্চিম ও পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-৮ আসন গঠিত।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮জন ভোটার আজকের ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।
উল্লেখ্য, এই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেলে আসনটি শূন্য ঘোষিত হয়।