আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনও পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছাবে বলে ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।
তিনি আজ মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
গণপরিবহনে নির্ধারিত ভাড়ার বিষয়ে কোনও অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ার অভিযোগ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। পাশাপাশি দেশব্যাপী শর্ত লঙ্ঘন প্রতিরোধসহ সড়কে শৃঙ্খলাবিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশ দেন। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও স্বাস্থ্যবিধি পালনে কঠোর হওয়ার আহ্বান জানান।
এসময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।