সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি আবারও পেছানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির হোসেন ও সৈয়দ মহিদুল কবীর।গণমাধ্যমকে শুনানির জন্য নতুন করে দিন ধার্য করার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।
এর আগে গত ৩ মার্চ দেশের শীর্ষ পর্যায়ের একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত সয়াবিন তেল নিয়ে করা প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মহিদুল কবির। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন। পরে রোববার (৬ মার্চ) ভোজ্যতেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।