
এইবার সন্ধি হবে মঙ্গল-চিহ্নরেখায়
কিছু কিছু সুন্দর থাকে অনেক দূরগাঁয়, ছোঁয়া যায় না
ধরতে গেলে উড়ে যায় ডানা মেলে;
ব্যস্ত শহরের মানুষগুলো বুঝতেই পারে না
কেউ না কেউ অপেক্ষায় প্রহর গুনে; ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ে একসময়, আমি আমার থাকি না
স্কেচবুক ভরে গেল পেন্সিলের আঁকিবুঁকির দুঃখ-কষ্টে।
শহরগুলোয় বাইরে থেকে কেবলমাত্র প্রবেশের অনুমতি মেলে রোজকার নিয়মে
তারপর যাপন চলছে একরকম বিস্ময়কর ব্যস্ততায়
ভুলে যায় একদিন কুশল জানতে,
তুমি কেমন আছো?
ফ্ল্যাট বাড়ির আলোয় অভ্যস্ত প্রিয় মানুষটি
বাঁচতে চায় সূর্য থেকে পালিয়ে
বেচারা মন সারাদিন বসে আছে পান্থপথে;
নতুন এক ছন্দ দাওনা আমায়
অক্ষরবৃত্ত নয়
মাত্রাবৃত্ত নয়
বন্ধন নয় স্বরবৃত্তের!
ভেজা ঠোঁটের স্বরবিন্যাসে
এইবার সন্ধি হবে মঙ্গল-চিহ্নরেখায়
বেসামাল ঢেউগুলো নেবে ঐকতানের কাছাকাছি;
একমুঠো রোদ্দুরের কাছে তুচ্ছ অনুচ্চকথার জীবন
আহা সময়! এক কাপ কফি খাওয়ার অবসর দাও এবার।