চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শুত্রুবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ। সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। আর এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এ জন্য ব্ল্যাক ক্যাপ অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে টাইগারদের কোনা পরিকল্পনা আছে কিনা তারও ইঙ্গিত দিলেন অধিনায়ক মাশরাফি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে(উইলিয়ামসন) আটকানোর জন্য বোলারদের অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে। দলের কোচিং স্টাফের সঙ্গে বোলাররা এই ব্যাপারে কথাও বলেছে। উইলিয়ামসন দারুণ ছন্দে আছে। তবে আমরা শুধু উইলিয়ামসনকে নিয়ে ভাবছি না। তাদের গাপটিলের মতো ব্যাটসম্যান আছে, যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কাজেই নিউজিল্যান্ড দলের সব ব্যাটসম্যানদের নিয়েই আমাদের পরিকল্পনা সাজাতে হবে। ‘
কার্ডিফের এই সোফিয়া গার্ডেনসেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। রিকি পন্টিং-গ্লেন ম্যাকগ্রাদের সেই প্রতাপশালী অস্ট্রেলিয়া। সেই তুলনায় এই নিউজিল্যান্ড শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে। সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ঙ্কর দল হয়ে উঠেছিল বাংলাদেশ।