কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। নিহতরা হলেন মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে মকসুদ ও ফয়সল কর্মস্থল থেকে নিজের গাড়িতে করে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনাকবলিত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে দোহা হামাদ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠায়।
কাতার থেকে কমিউনিটি নেতা আব্দুস সালাম ফুল জানান, মকসুদ বখসের বাড়ি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে। তিনি হাজি রফিক বখসের ছেলে। আর নিহত ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে। এদিকে দুর্ঘটনরা খবর পেয়ে নিহতদের গ্রামের বাড়িতে স্বজনদের শোকের মাতম চলছে।