কাল দেশে পবিত্র ঈদুল আজহা

0

কাল দেশে পালিত হবে আত্মত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আজহা। মহামরী করোনা ভাইরাসের থাবা শহর বা গ্রামে এমনভাবে জেঁকে বসেছে, ঈদ পালন করলেও মানুষের মনে একটা উৎকন্টা থেকেই যাবে। বছর ঘুরে আবার এলো ঈদুল আজহা। তবে এবারের ঈদে অনেক পরিবারের মাঝে নেই আনন্দ, বরং স্বজন হারানোর দুঃসহ যন্ত্রণায় আর্তনাদ করছে।

এর পরও আতঙ্ক ও শোকের মধ্যে পশু কোরবানিকে কেন্দ্র কারও কারও মাঝে ঈদুল আজহার উৎসব তৈরি হয়েছে। করোনার এ সময় ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছে। ঈদের সময় প্রিয়জনের সান্নিধ্যে থাকতে ঘরমুখী মানুষ শহর ছাড়ছেন। মানুষের স্রোতে প্রায় সব মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

এবার ঈদগাহে জামাত হচ্ছে না। ভিন্ন আবহে আগামীকাল বুধবার ১০ জিলহজ উদযাপিত হতে যাচ্ছে ঈদুল আজহা। আমাদের দেশে এ ঈদ কোরবানির ঈদ নামেই পরিচিত।
ঈদেও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এবার কোরবানির পশুর হাট বসেছে কম। গতকাল পর্যন্ত সেভাবে বেচাকেনা জমে ওঠেনি। হাটে কোরবানির পশু থাকলেও বিক্রিও কম। আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নর-নারীর জন্য এই ঈদে পশু কোরবানি করা ওয়াজিব। আমাদের দেশে গরু ও ছাগলই কোরবানি করা হয় বেশি। অল্প কিছু মহিষ, ভেড়া, উট-দুম্বাও কোরবানি করা হয়। ধর্মীয় বিধান অনুসারে ঈদের দুই দিন পর অর্থাৎ ১১ ও ১২ জিলহজ তারিখেও কোরবানি করা যায়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

কোরবানির ইতিহাস : হজরত ইব্রাহিম (আ) স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানির জন্য মহান আল্লাহতায়ালার নির্দেশ পেয়েছিলেন। নির্দেশ পেয়ে তিনি অনুধাবন করেন, পুত্র ইসমাইলের চেয়ে প্রিয় তার কেউ নেই। ইব্রাহিম (আ) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ) আল্লাহর নির্দেশ জানালেন। শিশু ইসমাইল (আ) নির্ভয় চিত্তে সম্মতি দিয়ে পিতাকে আল্লাহতায়ালার নির্দেশ পালন করতে বলেন। কোরবানি করতে উদ্যত হজরত ইব্রাহিম (আ) পুত্রস্নেহে যেন হৃদয় দুর্বল না হয়ে পড়েন, সে জন্য তিনি চোখ বেঁধে নিয়ে পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন। আল্লাহতায়ালার অপার কুদরতে এ সময় হজরত ইসমাইরেল (আ) পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে যায়।

১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হলেও পরের দুদিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও কোরবানি করার বিধান রয়েছে। পশু কোরবানি দেওয়া হলেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে সমস্ত লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ, স্বার্থপরতা তথা ভেতরের পশুত্বকে ত্যাগের মধ্য দিয়ে আত্মশুদ্ধি লাভের ভেতরেই রয়েছে কোরবানির প্রকৃত তাৎপর্য।

এই ঈদে পশু কোরবানিই প্রধান ইবাদত। ঈদের জামাত আদায় করে সবাই ব্যস্ত হয়ে পড়বেন কোরবানির জন্য। ঈদের জামাতে ব্যক্তি, সমাজ, দেশ, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে।

ঈদের জামাত : রাজধানীতে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ৫টি ঈদ জামাত। সকাল ৭টায় হবে প্রথম জামাত। এর পর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.