বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে প্রেরণ

0

উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে আজ সকালে তাকে হাজির করা হয়। আদালতের রায় অনুযায়ী রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করার পর ছেড়ে দেয় পুলিশ।

রফিকুল নেত্রকোনার পশ্চিম বিলাসপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি বিএনপি-জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহ সভাপতি। রফিকুলের ‘মাদানী’ উপাধি ব্যবহার এবং বিয়ে নিয়েও বিতর্ক রয়েছে বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.