লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৌজন্যে এই আড়ম্বরপূর্ন আয়োজন
সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক ‘খবরের কাগজ’ ও ‘কালের কণ্ঠ’।
এদিকে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে গা লাগোয়া তিন ইউনিয়ন স্থানীয় ভাটরা (লক্ষ্মীপুর), বদলকোট (নোয়াখালী) ও চিতোষীর (শাহরাস্তি, চাঁদপুর) সংশ্লিষ্ট গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানকে সামনে রেখে বড়দিন ও সাপ্তাহিক মিলে টানা তিন দিনের ছুটিতে এরই মধ্যে পরিবার-পরিজন নিয়ে পৌষের হালকা শীতে স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকে চলে এসেছেন গ্রামের বাড়িতে। প্রবাসীদেরও কেউ কেউ অনুষ্ঠানে অংশ নিতে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন। এক কথায় ঈদের আমেজ বিরাজ করছে এসব গ্রামে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক বলেন, “এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, ‘স্বর্ণালীশতক’। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যার পর অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করবেন কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর (বালাম), বেলাল খান ও সানিয়া সুলতানা (লিজা)।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলেও জানান সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওমর ফারুক (শাকিল চৌধুরী), আবু হান্নান লাভলু, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন (খোকন), মো. মনিরুজ্জামান, আলমগীর হোসেন, জসিম উদ্দিন পাল, একরাম হোসেন, সেলিম মজুমদার, ফেরদৌস হোসেন (শাহেদ) ও মনির হোসেন। তারা সবাই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
উল্লেখ্য, ১০০ বছর আগে ১৯২৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী মৌলভী আবদুর রহমানের উদ্যোগে তার নিজ নামে দল্টা রহমানিয়া উচ্চবিদ্যালয় স্থাপিত হয়।