সাংবাদিক হাবীবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত

0

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সময়ের আলোর একাধিক সাংবাদিক হাবীবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার এসআই এনামুল হক জানান, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে বাড়ি খায় বলে আমরা জানতে পারি। পরে হাসপাতালে নিলে সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনেন। ওই পথচারী জানিয়েছে, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিল হাবীবুর রহমান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরে সে মারা যায়।

তিনি বলেন, হাবীবুরের মুখে অনেক আঘাত ছিল। দেখে মনে হচ্ছে সে ফুটপাতের সাথে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছে। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে ‘সিনিয়র রিপোর্টার, দৈনিক সময়ের আলো’ লেখা রয়েছে। নিহতের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.