সোহরাওয়ার্দীতে শুকরানা মাহফিল শুরু, উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

0

কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন হওয়ায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিল’ করছেন কওমি আলেমরা। এরই মধ্যে শুরু হয়েছে শোকরানা মাহফিল। রোববার এ শোকরানা মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছান।
কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে।
কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
এর আগে সকাল নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়। এর আগেই আলেমদের সমাগমে এক প্রকার জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।
এরই মধ্যে অনুষ্ঠানের অন্য অতিথিরা বক্তব্য দিতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী যোগ দিলে মাহফিলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানাচ্ছেন আয়োজকরা।
সকাল সাড়ে ৯টার দিকেই কানায় কানায় ভরে যায় উদ্যান এলাকা। এখন আশপাশের এলাকায়ও অবস্থান নিচ্ছেন কওমি শিক্ষক-শিক্ষার্থীরা।
গায়ে পাঞ্জাবি-পায়জামা আর মাথায় টুপি পরে স্রোতের মতো টিএসসি ও মাজার গেট দিয়ে মাহফিল স্থানে প্রবেশ করছেন সারাদেশ থেকে আসা বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়াতুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আনসারী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ। সারা দেশে ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসায় ১৪ লাখ শিক্ষার্থী আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.